অভিশংসনের মুখে পাকিস্তান প্রেসিডেন্ট

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০১:৫০ এএম

‘সংবিধান লঙ্ঘনের’ দায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ঈদের পরপরই জোটের শরিকদের সম্মতি নিয়ে জাতীয় পরিষদের স্পিকারের কাছে অভিশংসনের প্রস্তাব উপস্থাপন করা হবে। গতকাল বুধবার দেশটির ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় জাতীয় পরিষদের সদস্য মহসিন শাহনেওয়াজ রানঝা প্রেসিডেন্টকে অভিশংসনে সরকারের সিদ্ধান্তের তথ্য এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সরকার অন্তত দু’বার সংবিধান লঙ্ঘনের নোটিস উপস্থাপন করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেবে। ব্যারিস্টার রানঝা বলেছেন, দু’বার অসাংবিধানিক সিদ্ধান্ত নেওয়ায় প্রেসিডেন্ট আলভিকে জবাবদিহি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। ওই দুই সিদ্ধান্ত হলো ১০ম ন্যাশনাল ফাইন্যান্স কমিশন (এনএফসি) গঠনের নোটিস জারি। অপরটি সংসদীয় কমিটিকে এড়িয়ে গিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনে (ইসিপি) দুজন সদস্য নিয়োগ। এ দুই বিষয়ে পিএমএল-এনের আইনপ্রণেতা রানঝা বলেন, দেশের কয়েকটি হাইকোর্ট প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সংবিধানের লঙ্ঘন বলে ঘোষণা করেছে। আর এর বিরুদ্ধে আদালতে কোনো আপিল দায়ের না হওয়ায় রায় চূড়ান্ত ছিল। তিনি বলেন, অতীতে লোকজন সংবিধান লঙ্ঘনের পর রেহাই পেত। কিন্তু এবার আমরা এটা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের ঘটনা আর ঘটবে না।

দেশটির রাজনীতিক এবং আইন বিশেষজ্ঞরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন যে, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারক বিচারপতি কাজী ফয়েজ ঈসার বিরুদ্ধে প্রেসিডেন্টের আদেশ জারি ভুল ছিল। এই বিষয়টিও অভিশংসনের নোটিসে যুক্ত করা যেতে পারে। কারণ দেশের শীর্ষ আদালত সেটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিল করেছে।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্টকে অপসারণ বা অভিশংসন করা যেতে পারে জানিয়ে রানঝা বলেন, প্রেসিডেন্টকে শারীরিক বা মানসিক অক্ষমতার কারণ দেখিয়ে অফিস থেকে অপসারণ করা যেতে পারে। অথবা সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগেও অভিশংসিত হতে পারেন তিনি।

তবে দেশটির সংসদে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব পাস করার জন্য বর্তমান সরকারের প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই। জাতীয় পরিষদের অধিবেশনে ক্ষমতাসীন সরকারের ভোট আছে ১৭৪টি। সিনেটে সেই সংখ্যা ৭০। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ছেড়ে আসা ৩৩ সদস্যকে নিয়ে বর্তমান সরকারের ভোটের সংখ্যা দাঁড়ায় ২৭৭। ৪৪২ আসনের সংসদে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য প্রয়োজনীয় ২৯৫ ভোটের দরকার। কিন্তু এই ফিগারে পৌঁছানোর জন্য ক্ষমতাসীন সরকারের আরও ১৮ ভোট দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত