ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঘোষিত ওয়ার্ড কমিটিতে পদপ্রত্যাশী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তারা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের কুশপুত্তলিকা দাহ করেন। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
গত ১৭ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭০টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি নিয়ে কয়েকটি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া পদপ্রত্যাশী নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন, ‘আব্দুস সালাম বিভিন্ন থানার ওয়ার্ড পর্যায়ে কমিটি করেছেন টাকা খেয়ে। তিনি ওয়ান ইলেভেনের সংস্কারপন্থি নেতা ছিলেন। ওই সময়ে জিয়া পরিবারকে শেষ করতে পারেননি বলে এখন পুরো দলকে খেয়ে ফেলতে চাইছেন। এজন্য দলের ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে নিজের পকেট কমিটি গঠন করেছেন।’ এ সময় তারা অবিলম্বে আব্দুস সালামকে তার পদ থেকে অব্যাহতির দাবিও জানান দলের হাইকমান্ডের কাছে।
বিক্ষোভে আনোয়ার হোসেন সরদার, আমিন ভূঁইয়া, মোহাম্মদ শাহিন আলম প্রমুখ অংশ নেন।
