আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন অনেক সাবেক সেনা ও রাজনীতিক। ঈদ উৎসবের পরই অভিযান শুরু হতে পারে। আফগান সেনাবাহিনীর সাবেক জেনারেল সামি সাদাত বিবিসিকে এ কথা বলেছেন। লেফটেন্যান্ট জেনারেল সাদাত বলেন, তালেবানের আট মাসের শাসনে বহু আফগান মনে করছেন সামরিক পদক্ষেপই সমাধানের একমাত্র পথ। তিনি বলেন, ঈদ উৎসবের পর আগামী মাসে সামরিক অভিযান শুরু হতে পারে। তখন আফগানিস্তানে ফেরার পরিকল্পনা রয়েছে তার। গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ন্যাটো বাহিনী ২০ বছরের সামরিক অভিযানের ইতি টেনে সেনা প্রত্যাহার করে নেওয়ার মাত্র ১০ দিনের মধ্যে কট্টর ইসলামপন্থিরা গোটা দেশের নিয়ন্ত্রণ নেয়। সাবেক জেনারেল সাদাত বলেন, আফগানিস্তানকে তালেবানের হাত থেকে মুক্ত এবং গণতান্ত্রিক পদ্ধতি পুনর্বহালে তিনি ও অন্যরা তাদের সামর্থ্যরে সবকিছু করবেন। নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিয়ে তিনি বলেন, ‘আমরা যতক্ষণ না আমাদের স্বাধীনতা পাই, আমাদের মত প্রকাশ করতে না পারি; আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
নারী অধিকারের ওপর কড়া বিধিনিষেধ আরোপসহ তালেবান ক্রমশ কীভাবে কঠোর শাসন চাপিয়ে দিচ্ছে, তা তুলে ধরেন সাবেক এই জেনারেল।
