সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর জেলার কিছু এলাকায় আজ ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর এলাকার দুটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিন্তু এবার মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
মাদারীপুরে হজরত সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারী ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আগে ঈদুল ফিতর উদ্যাপন করত কিন্তু দিনে দিনে সেটা কমে এসেছে এবার দূরের তেমন কেউ ঈদের জামাতে না আসলেও কয়েক হাজার মানুষ এ ঈদ উদ্যাপন করছেন বলে জানান ভক্ত - অনুসারীরা।
তবে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরে ঈদ উদ্যাপন।
সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সুফি সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মুসলিম ঈদুল ফিতর উদ্যাপন করছে।
