পার্কের রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২২, ০৫:৪৮ পিএম

রাজধানীর কদমতলীর একটি ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে মো. রাব্বি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির লাশ এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা।

রাব্বি গেন্ডারিয়ার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ গ্রামে। বাবার নাম জনু মিয়া। সে গেন্ডারিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, দুপুর আড়াইটার দিকে পথচারী ও নিহতের মামা সাইফ দশ বছর বয়সী রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফ পুলিশকে জানায় রাব্বি ও কয়েকজন সমবয়সী বন্ধু মিলে ইকো পার্কে যায়। সেখানে দুপুর দেড়টার দিকে রোলার কোস্টার থেকে রাব্বি পড়ে যায়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রলয় কুমার সাহা বলেন, রোলার কোস্টারের বেল্ট খুলে সেলফি তুলছিল শিশুটি। এরপর সে ছিটকে পড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত