পেশাদারি টেনিসকে বিদায় জানালেন কেভিন অ্যান্ডারসন। ৩৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান তারকা ক্যারিয়ারে দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন।
বড় সার্ভের জন্য পরিচিতি ছিলেন অ্যান্ডারসন। তিনি ২০১৭ সালে ইউএস ওপেন এবং পরের বছর উইম্বলডনের ফাইনাল খেলেন। দু’বারই তাকে সন্তুষ্ট থাকতে হয় রানার-আপ হয়ে।
২০১৮ সালে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং পঞ্চম স্থানে ওঠেন অ্যান্ডারসন। অবসর নিলেন ১০৭ নম্বর র্যাঙ্কিংয়ে থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।
১৫ বছরের পেশাদারি ক্যারিয়ারে সাতটি এটিপি ট্যুর টুর্নামেন্ট জিতেছেন অ্যান্ডারসন। তবে দু’বার ফাইনাল খেলে একবারও গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি তার।
২০১৭ সালের ইউএস ওপেনের ফাইনালে স্পেনের রাফায়েল নাদালের কাছে হারেন অ্যান্ডারসন। ২০১৮ সালে তিনি উইম্বলডনের ফাইনালে হারেন সার্বিয়ার নোভাক জকোভিচের বিপক্ষে।
উইম্বলডন ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন এই দ. আফ্রিকান। সেমিফাইনালে অ্যান্ডারসন ৬ ঘণ্টা ৩৬ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে হারান আমেরিকার জন ইসনারকে।
