সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে শেফালি বেগম (২৮) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঈদের দিন গত মঙ্গলাবার সন্ধ্যায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারী একই গ্রামের হাসান মাহমুদের স্ত্রী। তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামারখন্দ থানার ওসি হাবিবুল্লাহ জানান, বিরোধপূর্ণ একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে চৈরগাতি গ্রামের হাসান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। ঈদের দিন সন্ধ্যায় ওই জমি থেকে কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শেফালি বেগম প্রতিপক্ষের বাড়িতে ঢুকে নারী ও শিশুদের মারপিট করার চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষের নারীরা তাকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করে।
