পশু চিকিৎসকের অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতক মৃত্যুর অভিযোগে পশু চিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনার তার বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতির হত্যার অভিযোগ আনা হয়। এর আগে বুধবার বেলা দুইটার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর নাম শীরফা আক্তার (২০)। তিনি একই উপজেলার চন্দ্রপুর গ্রামের বাক্প্রতিবন্ধী হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বিয়ে হয়। তার স্বামীর নাম মহসিন মিয়া।
আর অভিযুক্ত পশু চিকিৎসক পাশের জীবনপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে শরীফার স্বামী মহসিন মিয়া বাদী হয়ে পশু চিকিৎসক আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতি হত্যার অভিযোগ করা হয়।
এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেমকে আটক করে পুলিশ। পরে রাতে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠায় পুলিশ।
বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
লাশ ময়নাতদন্ত করার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
আরও পড়ুন... পশু চিকিৎসকের অস্ত্রোপচারে প্রসূতি-নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি
