ফিলিপাইনে গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ০৭ মে ২০২২, ০৫:৩১ এএম

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৬৩) গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে অফিসে যাওয়ার পথে মেট্রো ম্যানিলা টাফট অ্যাভিনিউতে তাকে গুলি করা হয় বলে ম্যানিলা বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় ‘ভাড়াটে খুনিকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

আনোয়ার হোসেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপিনস করপোরেশনের সভাপতি ছিলেন। তিনি পাসায় সিটির টাফট এলাকার ডিএমডি বুটিকের মালিক। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামে।

সিটি পুলিশের বরাতে ম্যানিলা বুলেটিন জানিয়েছে, আনোয়ারের মাথায় একটি গুলি লেগেছিল। অ্যাডভেনটিস্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার পাসায় সিটির ডন কার্লোস এলাকার বাসিন্দা সালিক দিতুয়ালকে আটক করেছে পুলিশ।

সিটি পুলিশ জানিয়েছে, আনোয়ারকে খুনের জন্য চুক্তিতে এক লাখ ফিলিপিনো পেসো নিয়েছে স্থানীয় হকার দিতুয়াল। রাজভ নামে এক ব্যক্তি তাকে ভাড়া করে। রাজভের বিস্তারিত পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে অনুসন্ধানের কথা জানিয়েছে পাসায় সিটি পুলিশ।

নিহত আনোয়ারের বড় ভাই নাসির হোসেন বলেন, ‘আমার ভাই সেখানে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সে সৎভাবে ব্যবসা পরিচালনা করায় সেখানকার অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ী অবৈধ কাজ করতে পারছিল না। এতে তাদের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব তৈরি হয়। ফিলিপাইনে বসবাসরত বাঙালিরা এ ঘটনায় জড়িত।’ তিনি আরও বলেন, ‘ফিলিপাইনে গার্মেন্টস ব্যবসা চালু করে আমার ভাই। ১৯৮৮ সালে আনোয়ার জাপান ভ্রমণ করে এবং পরে সেখান থেকে ফিলিপাইনে যায়। আমাদের পরিবারের সব আত্মীয়স্বজন, প্রতিবেশী গার্মেন্টস ব্যবসায় জড়িত।’

ফিলিপাইনের পাসপোর্টধারী আনোয়ারের স্ত্রীও সেখানে থাকেন। তবে এখন তিনি দেশে আছেন। সোমবার ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এরপর আনোয়ারের মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তার ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত