পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ

আপডেট : ০৭ মে ২০২২, ০৬:৪১ পিএম

ঈদের ছুটির শেষে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ এবং বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ পাওয়া গেলেও যাত্রী দুর্ভোগ তুলনামূলক কম।

শনিবার পাটুরিয়া ঘাটে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে যানজটের কারণে তাদের বেশ ভোগান্তি হয়েছে, তবে এপারে এসে নির্বিঘ্নেই ঢাকার পথে যেতে পারছেন।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল জুবায়েদ বলেন, শুক্রবারের তুলনায় শনিবার দিনভর বেশি যাত্রী ছিল। দৌলতদিয়া প্রান্ত থেকে প্রতিটি ফেরিতে যাত্রী, যানবাহন বোঝাই করে পাটুরিয়া প্রান্তে আসছে। অন্যদিকে এপার থেকে যানবাহন ও যাত্রী কম থাকলেও ওপারের কথা বিবেচনা করে আমরা খালি ফেরি ছেড়ে দিচ্ছি।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ২১ টি ফেরি ও ২১ টি লঞ্চ দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট থাকলেও পাটুরিয়া প্রান্তে কোনো ভোগান্তি  ছাড়াই নামছে যাত্রী ও যানবাহন।

এদিকে কর্তৃপক্ষ পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে লোকাল বাসগুলি ঘাট এলাকা থেকে ১ কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে থামিয়ে দিচ্ছে। এতে যাত্রীদের পায়ে হেঁটে ঘাটে আসতে হচ্ছে।

যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শনিবারও পাটুরিয়া থেকে ঢাকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে। এর আগেও এ অভিযোগ পাওয়া গেলেও প্রতিরোধে আজও কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত