বার কাউন্সিলের নির্বাচনী প্রচারণায় গিয়ে সাবেক এমপির মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২২, ০৮:৪৬ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী প্রচার-প্রচারণায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শ‌নিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ আইনজীবী স‌মিতির নির্বাচনী প্রচারণার সভা চলাকালে তার হার্ট অ্যাটা‌ক হয়। পরে আইনজীবীরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প‌রিষদ কর্তৃক সমর্থিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ এর সাধারণ আসনের একজন প্রার্থী ছিলেন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য।

গোপালগঞ্জ বার সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান জানান, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী হয়ে রাতে গোপালগঞ্জে আসেন। রাতে গোপালগঞ্জ বার সমিতি অফিসে নির্বাচনী সভা চলছিল।

এ সময় অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ নিজের বক্তব্য শেষ করে চেয়ারে বসার পরে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।    

তার মৃত‌্যু‌তে গোপালগঞ্জ জেলা আইনজীবী স‌মি‌তি ও জেলা জাস‌দের সভাপ‌তি শেখ মাসুদুর রহমানের পক্ষ থে‌কে শোক জানা‌নো হ‌য়ে‌ছে।                          

×
সর্বশেষ সর্বাধিক পঠিত