অরক্ষিত রেলক্রসিং

জামালপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ মে ২০২২, ০২:০৩ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলী হাসান (৩৫) ও সুলতান মিয়া (৩৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া জামতলী এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আলী হাসান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোনাকষা হাট পচিল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার ছিলেন। অপর জন স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বিল পাড় গ্রামের মজিবর রহমানের ছেলে। তারা দুজনে সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ জোনাল অফিস থেকে ডোয়াইল ইউনিয়নে মিটার রিডিং সংগ্রহ করতে যাওয়ার সময় পথিমধ্যে সাতপোয়া জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে মুচড়ে গেছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বিদ্যাগঞ্জের বারকাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১৫ মিনিট ওইখানে দাঁড়িয়ে ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত