মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু: পরিবারে শোকের মাতম

আপডেট : ১০ মে ২০২২, ০৭:৫৭ পিএম

উপার্জনক্ষম ব্যক্তি নিধন পাল (৩৫) ও আনন্দ পালের (৪৫) মৃত্যুতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পাল পাড়া এলাকায় দুই পরিবারে চলছে শোকের মাতম। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের পৌর এলাকার আশেকপুর এলাকায় নজরুল ইসলামের বাসায় সেফটিক ট্যাংকের কূপ খননের সময় মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিক নিহত হন। 

নিহত শ্রমিক নিধন পালের বাড়ি গিয়ে দেখা যায়, স্ত্রী বীণা রানী পাল দুই কন্যা দীপা রাণী পাল (৬) ও নীপা রাণী পালকে (৭ মাস) নিয়ে বিলাপ করছেন। 

তিনি বলেন, এ জগতে আমার আর কেউ রইল না। ছোট দুই মেয়েকে নিয়ে কীভাবে আমি সংসার চালাব। 
একপর্যায়ে মূর্ছা যান তিনি। 

নিহত শ্রমিক আনন্দ পালের বাড়ি গিয়ে দেখা যায়, গর্ভবতী স্ত্রী গোলাপী রাণী পাল দফায় দফায় মাটিতে মূর্ছা যাচ্ছে। 
তিন মেয়ে কনিকা রাণী পাল (১৯), অর্পিতা রাণী পাল (১২) ও দীপা রাণী পালকে (৮) নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াব বলে বিলাপ করতে থাকেন গোলাপী। 

কনিকা রাণী পাল কাশিল কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

কনিকা রাণী পাল বলে, বাবা আমাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তা মৃত্যুর পর আমারদের পরিবারে অন্ধকার নেমে এসেছে। সামনে আমার এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুতে আমার পড়ালেখারও মৃত্যু হলো।

কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক বলেন, ওই দুই শ্রমিক চুক্তিভিত্তিক সেফটিক ট্যাংকি খনন করতেন। তাদের উপার্জনে চলতো পরিবার দুটি। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি পরিবারকেই আগামীতে সরকারি বিভন্ন অনুদানের আওতায় আনা হবে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আশেকপুর পূর্বপাড়া এলাকার নজরুল মিয়ার বাসার সেফটিক ট্যাংকি খনন করছিলেন তারা। এ সময় বৃষ্টি হচ্ছিল। কূপ ১০ ফিট খননের একপর্যায়ে ওই দুই শ্রমিক মাটিচাপা পড়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত