জাহাঙ্গীরনগরে হলের ছাদ থেকে ‘পড়ে’ ছাত্রের মৃত্যু

আপডেট : ১০ মে ২০২২, ০৮:১৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের  ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অমিত কুমার বিশ্বাস মারা গেছেন।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় অমিতের মৃত্যু হয়।

অমিত শহীদ রফিক-জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনায়। অমিত পরিবারের একমাত্র সন্তান।

হল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হলের রফিক ব্লকের পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে যায় অমিত। ওই সময় বৃষ্টি হচ্ছিল। হলের শিক্ষার্থীদের ধারণা, বৃষ্টিতে ভিজতে গিয়ে নিচে পড়ে যান অমিত।

নিচে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে অমিতকে এনাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে অমিতের মৃত্যু হয়।

এনাম মেডিকেলে কর্তব্যরত ডা. ইফরান বলেন, ইন্টারনাল ব্লিডিং ও মাথায় গুরুতর আঘাতের কারণে অমিতের মৃত্যু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান হৃদয় বলেন, আমি তিনতলায় থাকা অবস্থায় ছাদ থেকে ভারি কিছু পড়ার শব্দ শুনি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অমিতকে পড়ে থাকতে দেখে হলের কিছু ছাত্রদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

অমিতের সঙ্গে একই কক্ষে থাকতেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের আরেক শিক্ষার্থী রবিন ঘোষ। রবিন সাংবাদিকদের বলেন, অমিত খুবই ভালো ছেলে। তার কোনো ধরনের হতাশা ছিল না। ও নিয়মিত মেডিটেশন করত। তবে ইদানিং একটু অসুস্থ ছিল। এর বাইরে কোন সমস্যা ছিল না। দুপুরে বন্ধুরা মিলে খাবার খেয়েছি। অমিতও ছিল। পরে সে হলে চলে আসে। কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে পড়ে গেছে।

শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক এনাম মেডেকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাই। আমরা সব ধরনের সহযোগিতা দিয়েছি। কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে তাকে খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠাব। তার সহপাঠীরাও যাবে।

এদিকে অমিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত