ঈদে সিনেমার ব্যবসা: এগিয়ে সিয়ামের ছবি, পিছিয়ে শাকিব

আপডেট : ১২ মে ২০২২, ০৩:৪৭ পিএম

ঈদ মানেই সিনেমার ব্যবসায় বাড়তি উত্তেজনা। অনেক হল রয়েছে যারা ঈদের সিনেমা চালিয়েই পুরো বছরের খরচ তুলে ফেলেন, কেউ কেউ ঈদ উপলক্ষে বন্ধ হল খুলে দেন। ফলে প্রতি বছরই হল মালিকেরা মুখিয়ে থাকেন ঈদের সিনেমার জন্য।

এবারের ঈদুল ফিতরে দেশজুড়ে ১৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি। এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। জুয়েল ফারসী পরিচালিত ‘বড্ড ভালোবাসি’ সিনেমায় অভিনয় করেছেন সুলতানা রোজ নিপা ও অমিত ভট্টাচার্য।  

ঈদ উপলক্ষে এবার নতুন করে ৯৩টি প্রেক্ষাগৃহ খুলেছে বলে জানা গেছে। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তি পায় ১০০টি প্রেক্ষাগৃহে। এই নায়কের অন্য সিনেমা ‘গলুই’ মুক্তি পায় ২৮টিতে। সিয়াম আহমেদ-পূজা চেরি জুটির তৃতীয় সিনেমা ‘শান’ দেখা যাচ্ছে ৩৪টি প্রেক্ষাগৃহে। এ ছাড়া ‘বড্ড ভালোবাসি’ নামের সিনেমাটি মুক্তি পায় ব্লকবাস্টারে।

চলচ্চিত্র হল মালিক সমিতির তথ্যমতে, চারটি সিনেমার ভেতর সবচেয়ে বেশি ভালো যাচ্ছে শান, দ্বিতীয় রয়েছে গলুই, তৃতীয় অবস্থানে রয়েছে বিদ্রোহী, চতুর্থ অবস্থানে ‘বড্ড ভালোবাসি’।

এ বিষয়ে  হল মালিক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘এবারের ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে দর্শক চাহিদায় সবচেয়ে এগিয়ে আছে শান। তারপরেই আছে গলুই। সর্বাধিক (শতাধিক) হলে মুক্তি পেয়েছে ‘বিদ্রোহী’, এটাও যাচ্ছে মোটামোটি। আর বড্ড ভালোবাসি মাত্র ১/২টা হলে মুক্তি পেয়েছে। তবে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম না হলেও অনেক দিন পরে দর্শক হলে ফিরছে-এটাই আশার কথা। আর এবারই বোধ হয় প্রথম অনুদানের কোনো ছবি (গলুই) সর্বোচ্চ হলে মুক্তি পেল। এটাও ইতিবাচক লক্ষণ। কারণ এর আগে অনুদানের ছবি দু-একটা হলে মুক্তি পেত কেউ জানতোই না। অথচ গলুই ২৮টা হলে মুক্তি পেয়েছে। তবে সিনেমাগুলো পুরো লগ্নি তুলে আনতে পারবে কিনা সে বিষয়ে আমি সন্দিহান।’

স্টার সিনেপ্লেক্সে চলছে ‘শান’ ও ‘গলুই’। এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের দিন থেকেই ভালো দর্শক আসছে হলে। কিছু কিছু শো হাউসফুলও যাচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে শান একটু এগিয়ে। কারণ শানের কিছু কিছু শো হাউসফুল গিয়েছে। গলুইও ভালো চলছে, হাউসফুল না হলেও প্রায় ৮০/৯০ ভাগ সিট পূর্ণ হয়েছে। আমি কাউকেই ছোট করতে চাই না, ঈদের সিনেমা হিসেবে দুটোই ভালো যাচ্ছে। অনেকেই বলে যে বাংলা সিনেমার দর্শক নাই। এটা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে এবারের ঈদে। প্রচুর দর্শক পাচ্ছি। বাংলা সিনেমার দর্শক এখনো আছে। ভালো কনটেন্ট পেলে এখনো হল হাউস ফুল হবে। করোনার দু বছর আগের যে অবস্থা ছিল সেই অবস্থা আবারও ফিরে এসেছে। বলতে গেলে তার চেয়েও ভালো অবস্থা ফিরে এসেছে। আমরা খুশি।’

ব্লকবাস্টার সিনেমাসে ঈদের চারটি সিনেমায় চলছে। হলটির ম্যানেজার মাহবুব বলেন, ‘সবচেয়ে ভালো যাচ্ছে শান, তারপর গলুই, তারপর বিদ্রোহী, বড্ড ভালোবাসি। বেশ কিছু শো হাউসফুল হয়েছে শানের। গলুইয়ের শো হাউসফুল না গেলেও ৮০ ভাগ কাভার করেছে। বিদ্রোহীর সেল গড়পড়তা। ভালোও না আবার মন্দও না। করোনার পর আবারও দর্শকরা হলে ফিরেছে। বলতে পারেন করোনা শুরু হওয়ার আগে যেমন মানুষ বাংলা সিনেমা দেখতে ভিড় জমাত সেই স্বাভাবিক অবস্থা আবারও ফিরে এসেছে।’

রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলছে শান। হলটির ম্যানেজার হাসান বলেন, ‘সিনেমা ব্যবসা ভালোই চলছে। অন্য সময়ের চেয়ে অনেক ভালো। চারটা ঈদ হল বন্ধ ছিল। এবার ভালো দর্শক পাচ্ছি।  এ রকম দুচারটা সিনেমা মুক্তি পেলে সিনেমা ব্যবসা আবার দাঁড়িয়ে যাবে। এখন ভালো ভালো সিনেমা দরকার। সব শো হাউসফুল না হলেও প্রায় কাছাকাছি ছিল। অ্যাভারেজ সেলটা ভালো ছিল।’

ঢাকার চিত্রামহলে চলছে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’। হলের ম্যানেজার ইকবাল ইউসুফ বলেন, ‘বিদ্রোহী’ ছবিতে যতটুকু দর্শক আশা করেছিলাম ততটুকু পাইনি, তারপরও আমরা খুশি। করোনার পর যে দর্শক খরা ছিল তা কাটতে শুরু করেছে। দর্শক কম হলেও তারা করোনার সময়ের চেয়ে বেশি আসছে।’

মধুমিতায় চলছে ‘শান’। হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শান খুব ভালো চলছে। বেশ কিছু শো হাউসফুল গেছে। এই ছবিটি যে পরিমাণে ব্যবসা করছে তাতে আমরা খুব খুশি। অনেক দিন পর আবার হলে দর্শক ফিরেছে।’

গলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘সব জায়গাতেই গলুইয়ের সেল ভালো। এক সপ্তাহের হিসেবে তো আর কিছু বলা যায় না। তবে যে হারে সিনেমাটা মানুষ দেখছে তাতে আমরা আশাবাদী সিনেমাটি লগ্নি তুলে আনতে পারবে।’

বিদ্রোহী সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, ‘সিনেমাটি বেশ ভালো চলছে। লগ্নি তুলে আনতে পারব কিনা সেটা আমি বলতে পারছি না। কেবল তো মুক্তি পেল। এখন দেখা যাক।’

শান সিনেমার পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাবো তা ভাবিনি কখনো। আশা করছি আমরা সিনেমার লগ্নি তুলে আনতে পারব।’

হল মালিকদের কথা অনুয়ায়ী এবারের ঈদে ব্যবসার দিক থেকে সেরা সিনেমা সিয়াম পূজা চেরি অভিনীত ‘শান’। দুই নম্বরে থাকা ‘গলই’ সিনেমায় রয়েছেন শাকিব খান ও পূজা চেরি। বাকি দুটি ছবি ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’ নিয়ে দর্শকদের আগ্রহ তলানিতে।

প্রতি বছর ঈদে শাকিব খান অভিনীত সিনেমা নিয়ে বেশি শোরগোল দেখা গেলেও এবার ব্যতিক্রমী উদাহরণ তৈরি হলো। ঢালিউডের শীর্ষ নায়ক যেন এবার ছিটকে পড়লেন তার আসন থেকে। অপরদিকে ব্যবসার দিক থেকে এবারের ঈদে শাকিবকেও ছাড়িয়ে গেলেন সিয়াম।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকরা এবারের ঈদের সিনেমায় শাকিবের চেয়ে সিয়ামকে এগিয়ে রাখছেন। দেশ রূপান্তর কয়েকজন দর্শকের সঙ্গেও কথা বলেছে, যারা চারটি সিনেমায় দেখেছেন। ব্লকবাস্টার সিনেমাসে ‘বড্ড ভালোবাসি’ সিনেমা দেখতে আসা ইকবাল বলেন, ‘এবারের ঈদের চারটি সিনেমায় দেখেছি। সর্বশেষ এই মাত্র ‘বড্ড ভালোবাসি’ সিনেমা দেখলাম। সিনেমাটা ভালো লাগেনি। তবে ‘শান’ ছবিটা ভালো লেগেছে। ছবিটিকে শতভাগ মার্কস না দিতে পারলেও ৭০ দিবো। সিয়ামের অ্যাকশন থেকে শুরু করে পরিচালকের মুনশিয়ানা সবই ছিল দেখার মতো। গলুইয়ে দেশীয় ঐতিহ্য তুলে ধরলেও শাকিব ও পূজার রসায়ন ভালো লাগেনি। শাকিব নিজেকে চরিত্রের জন্য ঠিকমতো ভাঙতে পারেননি। আর ‘বিদ্রোহী’ ছবিটা আমার কাছে ভালো লাগেনি। খুবই বোরিং লেগেছে। একেবারেই গতানুগতিক একটা ছবি। এই সময়ে এসে এ ধরনের ছবি কেন বানানো হচ্ছে সেটাই বুঝি না।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, ‘এবারে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে শান ও গলুই দেখার মতো। বাকি দুটি দেখার মতো মনে হয় না। খুব কষ্ট করে ‘বিদ্রোহী’ আর ‘বড্ড ভালোবাসি’ দেখেছি। এই দুটো ছবি শেষ পর্যন্ত দেখতে পারাটাও ধৈর্যের ব্যাপার। এই ঈদে সবচেয়ে বড় পাওয়া পরিচালক এম রাহিম ও নায়ক সিয়াম। ইন্ডাস্ট্রি একজন ভালো পরিচালক পেল। নায়ক সিয়াম যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে সিয়াম অনেক দূর এগিয়ে যাবে। বলতে গেলে এবারের ঈদে সিয়ামের কাছে শাকিব খান রীতিমতো ধরাশায়ী। এটা ইতিবাচক। এক নায়ক কেন্দ্রিক ইন্ডাস্ট্রিতে আরও নায়কের উঠে আসা জরুরি। তাহলেই ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। আর শাকিব খান নিজের নামের সঙ্গে উপযুক্ত আচরণ করেননি। তার আরও সচেতন হয়ে অভিনয় করা উচিত ছিল। শুধু একটা দুটো ছবি দিয়ে তো কাউকে বিচার করা যায় না। আমি মনে করি শাকিব খান আবারও ভালো ছবি নিয়ে হাজির হবেন, সেই প্রত্যাশা করি। আর আরেকটা কথা না বললেই নয়, পূজা চেরি দুটি ছবিতেই পরিণত অভিনয় করেছেন, এতে কোনো সন্দেহ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত