চিকিৎসক পরিচয় দেয়া প্রতারককে দেড় লাখ টাকা জরিমানা, ক্লিনিক সিলগালা

আপডেট : ১৫ মে ২০২২, ০৭:৫৯ পিএম

চুয়াডাঙ্গায় দাঁতের চিকিৎসক পরিচয় দেয়া এক প্রতারককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করা হয়েছে তার ডেন্টাল ক্লিনিক।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের বিএন রয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিস প্রতিষ্ঠানে এ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে দীর্ঘ দিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন লিনটন রয় জিপ্পু নামে ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির ক্লিনিকে অভিযান চালানো হয়। আটক করা হয় চিকিৎসক পরিচয়দানকারী লিনটন রায় জিপ্পুকে। পরে তার ডিগ্রি ও ডাক্তারি সনদ দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, এ সময় তার চিকিৎসা দেয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আজীবনের জন্য সিলগালা করা হয় তার প্রতিষ্ঠানটি।

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ফারজানা ববি ও সদর থানা-পুলিশের একটি টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত