কাবরেরার লক্ষ্য লড়াকু ফুটবলার গড়া

আপডেট : ১৫ মে ২০২২, ১১:১৭ পিএম

মাত্র দু’টি ম্যাচ গিয়েছে। মালদ্বীপের বিপক্ষে বাজেভাবে হার। এরপর ঘরের মাঠে মঙ্গোলিয়াকে বাগে পেয়েও হারতে না পারা। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা তার বাংলাদেশ অধ্যায়ে এখন পর্যন্ত লিখতে পারেননি কোনো জয়। তবে ৩৭ বছর বয়সী কোচের ভাবনায় জয়-পরাজয় নেই। শুধুই আছে শিষ্যদের লড়াকু মনোভাবে গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়ে আজ থেকে প্রস্তুতি শুরু করবেন স্প্যানিশ কোচ। 

আগামী মাসে এশিয়ান কাপ বাছাইপর্বের বড় পরীক্ষায় নামতে হবে বাংলাদেশকে। মালয়েশিয়ায় ৮ থেকে ১৪ জুন ‘ই’ গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষই র‌্যাংকিংয়ে এগিয়ে। স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাহরাইন ও তুর্কিমেনিস্তানের মুখোমুখি হতে হবে। তার আগে ইন্দোনেশিয়ার মাটিতে ৩০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। চার ম্যাচকে সামনে রেখে ২১ জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ। যার মধ্যে নেই এএফসি কাপ খেলতে ভারতে যাওয়া বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। এএফসি কাপ অভিযান শেষে তাদের মধ্যে থেকে নির্বাচিতরা যোগ দেবে ২৬ মে। কোচ অবশ্য যারা ক্যাম্পে আছেন তাদের নিয়েই প্রস্তুতির ছক এঁকেছেন, ‘বসুন্ধরা কিংসের জাতীয় দলের ফুটবলাররা এখন এএফসি কাপ নিয়ে ব্যস্ত। এ কারণে কিছু নতুন মুখ, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ দলের কিছু ফুটবলারকে নিয়ে কাজ শুরু করব। আগামীর দিকে চোখ রেখে আসলে আমাদের এখন কাজ শুরু করতে হবে। এ মুহূর্তে যারা আছে তাদের দিকেই দৃষ্টি দিতে হবে।’ কোনো নির্দিষ্ট ফুটবলারকে নিয়ে কিছু বলতে চাননি কোচ। বরং সবাইকে পরখ করে সেরাদের নিয়েই কঠিন অভিযানে যেতে চান কাবরেরা, ‘এখানে ২-৩ জন খেলোয়াড় নয়, বরং অনেকেই ভালো করছে। তাই নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে কিছু বলার সুযোগ নেই। আমাদের লক্ষ্য থাকবে সেরাদের মধ্য থেকে সেরাদের বেছে নেওয়ার।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা চার প্রতিপক্ষের সঙ্গে খেলাটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছেন নয়া কোচ, ‘এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। তারা প্রত্যেকেই ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে। তা আমরা তাদের সঙ্গে নিজেদের তুলনাটা করতে পারব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কাজটাই সঠিকভাবে করা। এগুতে হবে ধাপে ধাপে। এটা বলতে পারি আমরা লড়াই করতেই যাব, এটা নিশ্চিত। নিজেদের লড়াকু করে গড়ে তোলার দিকেই লক্ষ্য থাকবে।’

আজ সুযোগ পাওয়া ২১ ফুটবলার যোগ দেবেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আর অনুশীলন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত