ভারতীয় হাইকমিশন

‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১৬ মে ২০২২, ০১:৫৮ এএম

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের উদ্যোগে ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম। গতকাল রবিবার ‘আমরা ফিরে আসছি’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এই কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশের ১০০ জন সম্ভাবনাময় তরুণকে ভারত ভ্রমণের সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশি তরুণরা ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন, দেশটির জনগণের সঙ্গে মিশতে পারেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পান। ভারত সরকারের ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম সব মিলিয়ে বাংলাদেশিদের ভারতকে চেনার একটি জানালা হিসেবে কাজ করে।

২১-৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা এতে আবেদন করতে পারবেন। সেখান থেকে ১০০ জন বাছাই করা হবে। আগ্রহীরা ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শত তরুণের জন্য এটা একটা দারুণ সুযোগ। এর ফলে তারা দেশটি সম্পর্কে আরও জানার সুযোগ পাবেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এর মাধ্যমে এগিয়ে যাবে।

মুক্তিযুদ্ধের সময় ভারত এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তখন আমার বয়স ছিল ৮ বছর। সে সময় আমাদের গ্রাম জ¦ালিয়ে দেওয়া হলে আমরা পাশের গ্রামে আশ্রয় নিয়েছিলাম। ওই গ্রামটিও জ¦ালিয়ে দেওয়া হলে সেখান থেকে আমরা অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছিলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রামে ফিরে গিয়েছিলাম।’

হাছান মাহমুদ বলেন, ‘যেহেতু আমার বাড়ি চট্টগ্রাম অঞ্চলে, সে সময় ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে খাবার দিয়ে সহযোগিতা করেছিল দেশটি। ভারত আমাদের যেভাবে আশ্রয় দিয়েছিল, সেটি রক্তের সম্পর্ক। মানুষে মানুষের সম্পর্কে এগিয়ে নিতে ইয়ুথ ডেলিগেশন ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ঐতিহাসিকভাবে আমরা একই সংস্কৃতি ধারণ করি। ইয়ুথ ডেলিগেশনের মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত