নিজস্ব প্ল্যাটফর্মে লাইভস্ট্রিমিং সেবা আনতে যাচ্ছে নেটফ্লিক্স। বর্তমানে নেটফ্লিক্স বিশেষ স্ট্যান্ড-আপ অনুষ্ঠান এবং অন্যান্য লাইভ কনটেন্টে লাইভস্ট্রিমিং সুবিধা নিয়ে কাজ করছে। লাইভস্ট্রিমিং সুবিধা নেটফ্লিক্সে হালের আবাসনভিত্তিক রিয়্যালিটি শো ‘সেলিং সানসেট’-এর মতো অন্যান্য অনুষ্ঠানের সম্প্রচারের সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি, অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও সরাসরি ভোটের সুবিধা আনতে পারে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের সূত্র থেকে জানা যায়, নতুন এই সেবা ব্যবহার করে সরাসরি বিভিন্ন ‘কমেডি স্পেশালস’ সম্প্রচার করতে পারবে নেটফ্লিক্স। এ বছর নিজেদের প্রথম ‘লাইভ’ এবং ‘ইন-পার্সন’ কৌতুক উৎসব আয়োজন করেছে স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। উৎসবটির নাম ‘নেটফ্লিক্স ইজ এ জোক ফেস্ট’। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই উৎসব বেশ কয়েক দিন চলেছে। এতে ১৩০ জনের বেশি জনপ্রিয় কৌতুক অভিনেতা অংশ নিয়েছেন। উৎসবটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৌতুক অভিনেতাদের মধ্যে রয়েছেন অ্যালি অং, বিল বার, জেরি সাইনফিল্ড, জন মুলানিসহ অনেকেই।
উৎসবটির কিছু অনুষ্ঠান এ মাসের শেষে এবং জুনের শুরুতে সম্প্রচার হতে পারে নেটফ্লিক্সে। স্ট্রিম সেবায় লাইভ সুবিধা থাকলে গ্রাহকরা সরাসরিই এসব অনুষ্ঠান দেখতে পারবে। নেটফ্লিক্স আগামী বছর অনুষ্ঠানটি আনবে কি না সেটা এখন জানা যায়নি। নেটফ্লিক্সে লাইভস্ট্রিমিং সেবা যোগ করলে, তারা অন্যান্য প্রতিযোগী প্ল্যাটফর্মের সঙ্গে তাল মেলাতে পারবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
আসন্ন ফিচারটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি ভার্জ। নেটফ্লিক্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস এরই মধ্যে নিজস্ব প্ল্যাটফর্মে লাইভস্ট্রিমিং সেবা এনেছে। প্ল্যাটফর্মটির প্রথম লাইভ অনুষ্ঠান হিসেবে ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ সরাসরি সম্প্রচার হয়েছে গেল ফেব্রুয়ারিতেই। এ ছাড়া তারকাদের জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ড্যান্সিং উইথ দ্য স্টার্স’-এর নতুন সম্প্রচারের মাধ্যম হিসেবেও আত্মপ্রকাশ করছে ডিজনি প্লাস। এ বছরের শেষ নাগাদ প্ল্যাটফর্মটিতে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার শুরু হবে।
