নির্মাণাধীন ভবনের ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২২, ১১:৫৪ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে নেমে অক্সিজেন সংকটে পড়ে গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের বকুলতলা রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘি গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক বারেক হাজি জানান, বড় ভাই রাব্বানী কন্ট্রাকটর হিসেবে এ ভবনের কাজের দায়িত্ব পালন করছিলেন। এদিন ছোট ভাই প্রথমে ট্যাংকে নামেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাইও ট্যাংকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির ট্যাংকে নেমে ছোট ভাই মোহন আলী অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেননি। পরে বড় ভাই গোলাম রাব্বানী তাকে বাঁচাতে নেমে অক্সিজেন সংকটে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত