তাজমহলের বন্ধ কুঠরিতে কোনো রহস্য নেই

আপডেট : ১৮ মে ২০২২, ১২:৪৪ এএম

তাজমহলের তালাবদ্ধ কয়েকটি কুঠরি ঘিরে যে রহস্যের জাল ছড়িয়েছিল তা কাটাতে সেগুলোর ছবি প্রকাশ করেছে ভারতের পুরাকীর্তি বিভাগ। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এই ছবিগুলো প্রকাশের পর এই মুঘল স্থাপত্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এএসআই’র ‘আগ্রা সেল’ বলছে, সেখানে রহস্যময় কিছুই নেই।

এই তাজমহলের ২২টি তালাবদ্ধ কক্ষ খুলে সেগুলোর রহস্য প্রকাশ করতে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সদস্য। রজনীশ সিং নামের ওই ব্যক্তি আবেদন করেন, কক্ষগুলোতে হিন্দু দেবতা শিবের একটি মন্দির রয়েছে বলে যে দাবি কিছু ইতিহাসবিদ ও ভক্ত করে থাকেন, তিনি তা পরীক্ষা করে দেখতে চান। গত ১২ মে এলাহাবাদ হাইকোর্ট রজনীশের সেই আবেদন নাকচ করে দিলেও তা নিয়ে আলোচনা-গুঞ্জন চলতে থাকে। এর মধ্যেই এএসআই আলোচিত সেই কুঠরিগুলোর মধ্যে চারটির ছবি প্রকাশের খবর জানাল।

এই ছবিগুলো গত বছরের ডিসেম্বরে তোলা বলে জানিয়েছেন আগ্রা সেলের কর্মকর্তারা। ২০২১ সালের ডিসেম্বর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ভূগর্ভস্থ ওই কক্ষগুলোর রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। ছবিগুলো তোলা হয় তখনই।

ইন্ডিয়ান টাইমস লিখেছে, এএসআই বলছে যে তাদের গত জানুয়ারির নিউজলেটারে ছবিগুলো প্রকাশ হয়, যদিও সেই নিউজলেটার তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গত ৫ মে। আগ্রা সেলের কর্মকর্তাদের উদ্ধৃত করে ইন্ডিয়ান টাইমস জানিয়েছে, ওই কুঠরিগুলোতে কোনো গোপনীয়তা নেই। সেগুলো মূল কাঠামোরই অংশ। এগুলোর কোনো বিশেষত্বও নেই। আর শুধু তাজমহল নয়, দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিসহ বিভিন্ন মুঘল স্থাপনায়ও এমন বৈশিষ্ট্য রয়েছে।

আগ্রায় বেড়ে ওঠা ইতিহাসবিদ রানা সাফভি এর আগে বিবিসিকে বলেছিলেন, ১৯৭৮ সালের বন্যার আগে ভূগর্ভস্থ এই কক্ষগুলো দর্শকদের জন্য উন্মুক্ত ছিল। এসব কক্ষের ভেতরে কিছুই নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত