দেশের মর্যাদা বাড়াতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৮ মে ২০২২, ০১:১৪ এএম

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য ফরেন সার্ভিসের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কোর্সের (এসডিটিসি) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব-ব্যবস্থা এবং বৈশ্বিক সমস্যাগুলো সম্পর্কে নবীন কূটনীতিকদের ব্যাপক জ্ঞানার্জনের নবীন কূটনীতিকদের প্রশিক্ষিত করার ক্ষেত্রে ফরেন সার্ভিস একাডেমির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের উৎকর্ষতা বৃদ্ধিতে ফরেন সার্ভিস একাডেমি প্রশংসনীয় অবদান রাখছে। বাংলাদেশের ফরেন সার্ভিস কর্মকর্তাদের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য দেশের কর্মকর্তাদের জন্যও এই একাডেমি আদর্শ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও সমুজ্জ্বল করতে নবীন কর্মকর্তাদের দক্ষ কূটনীতিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক অ্যাম্বাসেডর ইমতিয়াজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম, সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ, সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ মোহাম্মদ শফি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত