অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপ, ট্রেনের ধাক্কায় তিনজন নিহত

আপডেট : ২১ মে ২০২২, ১২:৫৭ পিএম

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় একটি অরক্ষিত গেটে তাল ভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি ভ্যানটি ছিটকে পড়ে এবং তিনযাত্রীর শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর নাগরি-নলছাটা রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার তা স্বাভাবিক হয় বলে জানান কামরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত