চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার পড়ে দুজনের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২২, ১১:০২ পিএম

ময়মনসিংহে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানচালক চর ঈশ্বরদিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে মিন্টু মিয়া (৩৫) ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, একজন যাত্রী নিয়ে ভ্যানচালক চায়না মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ভ্যানের যাত্রীর ওপর ছিঁড়ে পড়ে। এ সময় ভ্যানগাড়িটি উল্টে যায়। বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করতে থাকেন ওই যাত্রী। তাকে বাঁচাতে গিয়ে ভ্যানচালকও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সকালে চায়না মোড় এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তাতে জড়িয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত