সেতুর টোলে দুই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালাল ট্রাক, প্রকৌশলী নিহত

আপডেট : ২২ মে ২০২২, ০২:১৩ পিএম

বাগেরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শেখ মশিয়ার রহমান (৪২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

এ সময় সাংবাদিকসহ আরও অন্তত ৪ জন আহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। রোববার দুপুরে নিহতের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল নয়টায় বাগেরহাট-চিতলমারী সড়কের মুণিগঞ্জ সেতুর টোলের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ এখনো ওই ট্রাকটি আটক করতে পারেনি।

নিহত মশিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মজিদের ছেলে। তিনি ইউএনডিপি’র বাগেরহাটের একটি প্রকল্পে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয় ছিল তার কর্মস্থল।

সাংবাদিক আজাদুল হক বলেন, রোববার সকালে ইউএনডিপি’র কর্মকর্তা মশিয়ার রহমান বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। বাগেরহাট-চিতলমারী সড়কের মুণিগঞ্জ সেতুর টোলের কাছে পৌঁছে রাস্তায় বাঁশের ব্যারিকেড দেখে তিনি ওইখানে দাঁড়িয়ে যান। এ সময় আমিও ওইখানে বাঁশের ব্যারিকেডের কারণে মোটরসাইকেল নিয়ে তার পাশে দাঁড়াই। টোলের টাকা আদায়কারীদের কাছে আমরা রাস্তায় ব্যারিকেডের কারণ জানতে চাইলে তারা বলেন পেছনে একটি দ্রুতগতির ট্রাক আসছে ওই ট্রাকটিকে স্থানীয় চেয়ারম্যান আটকাতে বলেছে তাই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।

আপনারা একটু অপেক্ষা করেন। এই কথা বলার কিছুক্ষণ পরেই ওই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছে না দাঁড়িয়ে পরপর দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে বাঁশের ব্যারিকেড ভেঙে দ্রুত গতিতে বাগেরহাট-খুলনা মহাসড়কের দিকে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে বসে থাকা ইউএনডিপি’র কর্মকর্তা মশিয়ার রাস্তার উপর ছিটকে পড়লে ট্রাকটি তার শরীরের উপর দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আমিসহ আশের অন্তত ৪/৫ জন রাস্তার পাশে পড়ে গিয়ে আহত হই। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ অবহিত করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলী বলেন, সকাল আটটা নাগাদ আমার পরিষদের উদ্যোক্তা মাসুদুর রহমান বাগেরহাট-চিতলমারী সড়কের বাংলাবাজার এলাকায় দাঁড়ানো  ট্রাক থেকে বস্তায় কি তুলছে তা দেখতে পেয়ে ট্রাকটিকে দাঁড়াতে বলে। ওই ট্রাকটি কোনো কথা না শুনেই দ্রুত চালিয়ে বাগেরহাটের দিকে চলে আসে। এ সময় মাসুদের সন্দেহ হলে সে আমাকে ফোনে বিষয়টি জানায়। আমি মুণিগঞ্জ ব্রিজের টোলে ফোন করে ওই ট্রাকটিকে আটকাতে বলি। টোলের লোকজন ট্রাকটি আটকাতে গেলে চালক ট্রাক না থামিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে গেছে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, আমরা মুণিগঞ্জ টোলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত