‘ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি করছে সরকার’

আপডেট : ২৩ মে ২০২২, ০১:৩০ এএম

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, জনগণের ভোগান্তি দূরীকরণ, দুর্নীতি হ্রাস এবং মামলা কমানোর জন্য সরকার ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করছে। এ ছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দুর্নীতি হ্রাসে ভূমি সেবা গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল নজরদারি করা হচ্ছে।

গত শনিবার ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিতর্ক প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে বিজয়ী হন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা। বিতর্কের বিষয় ছিল, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, উম্মুল ওয়ারা সুইটি ও আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে কিরণ বলেন, জমি বেচাকেনা, রেজিস্ট্রেশন, নামজারি, পরচা, খতিয়ান, খাজনা, ভূমি জরিপ ইত্যাদি সেবা পেতে প্রায় প্রত্যেকটি স্তরেই ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এখনো বিদ্যমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত