নেত্রকোনা সদর উপজেলায় ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
আজ সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চল্লিশা নুরলিয়া নামক স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাড়ৈই গ্রামের বাসিন্দা বাসচালক সবুজ মিয়া এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা হেলপার সোহেল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে ঢাকামুখী অতিরিক্ত ধান বোঝাই ট্রাকটির সাথে বিপরীত দিকে থেকে আসা ‘শাহ পরান’ নামে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ঘটনাস্থলেই নিহত হন ও এর হেলপার গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ট্রাকের চালক ও হেলপার এবং অন্যান্য আহতদের ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা উদ্ধারে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহতের মধ্যে ট্রাক চালক রুবেল মিয়া (৩০) ও তার হেলপার সামছুজ্জামানসহ (৩০) পাঁচজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া জানান, ট্রাকের ভেতরে আটকে থাকা একজনকে দুই ঘণ্টার চেষ্টায় জীবত অবস্থায় উদ্ধার করা হয়। ট্রাকটি অতিরিক্ত ধান বোঝাইয়ের কারণে উদ্ধার করতে সময় লেগেছে। ময়মনসিংহ থেকে রেকার এনে উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুজনের লাশ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
