ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) ভোর চার টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের নাম মো: আবুল বাশার (৩৬)। তিনি বিমান বাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমান বন্দরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।
জানা যায়, বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসা-বাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছামাত্রই অজ্ঞাত গাড়ির সাথে কাভার্ডভ্যানটি দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলেই মারা যান সার্জেন্ট আবুল বাশার।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সাথে ধাক্কা লাগায়, যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আবার সামনি সামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কিভাবে দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
