পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ তিন গুণ বাড়াতে হবে। মূলত তারল্য সংকটে থাকা পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকালের কমিশন সভা শেষে এসইসি জানিয়েছে, এখন থেকে পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ছাড়া অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিদ্যমান বিনিয়োগসীমা ১ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর অনুমোদিত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের পুঁজিবাজারে বিনিয়োগ ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এখন থেকে আইপিও শেয়ার পেতে হলে কাট অফ ডেটে তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজে এসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উল্লিখিত পরিমাণের বিনিয়োগ থাকতে হবে।
এছাড়া পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) নিবন্ধনের জন্য এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) অনুমোদিত কপি এবং নিরীক্ষিত আর্থিক ও ব্যাংক বিবরণী স্টক এক্সচেঞ্জের ইএসএস টিমকে যাচাই করতে হবে।
বর্তমানে পুঁজিবাজারে লেনদেনে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৮০ শতাংশের বেশি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম থাকার কারণে বাজারে অস্থিরতা বেশি দেখা যায়। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকায় তারল্য সংকট দেখা দিয়েছে বাজারে। এমন পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে চলতি বছরের মার্চে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে এসইসি। গত ৯ মার্চ ব্যাংকগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা। পরদিন ১০ মার্চ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং ৩০ মার্চ বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে সংস্থাটি। এছাড়া গত ২৩ মার্চ সরকারি-বেসরকারি ৬১টি ব্যাংককে আনুষ্ঠানিকভাবে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে চিঠি দেয় এসইসি। বাজারে লেনদেন কমে যাওয়ায় তারল্য বাড়াতে এসব প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়ে কমিশন অনুরোধ জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে আইপিও শেয়ার পেতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বৃদ্ধির বাধ্যবাধকতা আরোপ করল এসইসি।
