হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

আপডেট : ২৫ মে ২০২২, ০৯:১৫ এএম

ডেমরা চৌরাস্তা এলাকায় হারিয়ে যাওয়া একটি শিশুকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। ছয় বছর বয়সী ওই শিশুটি শুধু তার নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিলো না। 

ডিএমপির ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ডেমরা চৌরাস্তায় একটি শিশুকে কাঁদতে দেখেন দায়িত্বরত সার্জেন্ট ইয়াসিন মিনা ও সার্জেন্ট মনিরুল ইসলাম। তারা শিশুটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে বাবা-মাকে খুঁজে পাচ্ছে না বলে জানায়। 

সহকারী পুলিশ কমিশনার বলেন, ৬ বছর বয়সী শিশুটি তার নাম জামিউল ইসলাম বলে জানায় কিন্তু তার বাবা-মায়ের নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে সঠিকভাবে বলতে পারছিলো না। তখন তাকে ডেমরা থানায় বুঝিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ডেমরা থানার মোবাইল ডিউটিতে থাকা এসআই সাদ্দাম হোসেনের সহায়তায় ডেমরা ট্রাফিক পুলিশ ডেমরা, সিদ্ধিরগঞ্জ, যাত্রাবাড়ী, আমুলিয়া ও পার্শ্ববর্তী এলাকায় শিশুটির প্রাপ্তি সম্পর্কে মাইকিং করে।

তিনি আরো বলেন, মাইকিং পরবর্তী সময়ে শিশুর অভিভাবক ও ঠিকানার সন্ধান পাওয়া যায়। এর পর তার বাবা-মায়ের সাথে যোগাযোগ করে রাত আড়াইটায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত