ভূঞাপুরে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৬ মে ২০২২, ০৮:২৭ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীন মা ক্লিনিক এন্ড হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এ ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি খোলা রেখেই মালিক, চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। মৃত লাইলি বেগম (২৫) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রসূতি লাইলী বেগমের প্রসব বেদনা শুরু হলে প্রথমে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক ওই রোগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। ক্লিনিকের দালাল শামছু মিয়া তাদেরকে ফুসলিয়ে মা ক্লিনিক এন্ড হাসপাতালে নিয়ে যায়। পরে ওই ক্লিনিক কর্তৃপক্ষ ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এনামুল হক সোহেল ও  চিকিৎসক ডা. আল মামুনকে অস্ত্রপ্রচারের জন্য ডেকে আনেন। এ সময় ক্লিনিকটির অপারেশন রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওটি টেবিলেই ওই রোগী মারা যায়। পরে স্বজনদের না জানিয়ে মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় স্বজন ও স্থানীয়রা বাঁধা দিলে মরদেহ ক্লিনিকের সামনে রেখে চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে যায়।

নিহতের স্বামী আতোয়ার বলেন, আমি গরিব মানুষ। দালাল শামছু কম টাকায় সিজার করে দেওয়ার আশ্বাস দিলে সেখানে নিয়ে যাই। দেড় ঘণ্টা আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে রাখে। ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, মা ক্লিনিকে আনার পর তার উচ্চ রক্ত চাপ (প্রেসার) দেখা দেয়। পরে অপারেশনের পূর্বেই রোগী বমি করার পরই মারা যায়। এখানে ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ মিথ্যা।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। তবে ক্লিনিকের চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত