সোডা অ্যাশ লাইটের চালানে চট্টগ্রাম বন্দরে আসা আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ। কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সালাহ উদ্দিন রিজভী জানান, গত বুধবার নেমসন কন্টেইনার ডিপোতে কন্টেইনারটি খুলে শতভাগ কায়িক পরীক্ষার পর দেখা যায়, বস্তার বাইরে সোডা অ্যাশ লাইটের লেবেল লাগানো হলেও ভেতরে আরেকটি বস্তায় আমদানি নিষিদ্ধ ঘনচিনি। পরীক্ষাকালে ওই চালানে মোট ১৯ টন আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ১ টন সোডা অ্যাশ পাওয়া যায়। পরে পণ্যগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস সূত্র জানায়, ঢাকার বংশাল এলাকার আমদানিকারক ডিএসএস এন্টারপ্রাইজ চীন থেকে সোডা অ্যাশ লাইট ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। চীনের জিনদাও বন্দর থেকে এইচ আর হিরা জাহাজযোগে কন্টেইনারটি ১৮ মে চট্টগ্রাম বন্দরে আসে। এরপর কাস্টমস হাউজ চট্টগ্রামের পোর্ট কন্ট্রোল ইউনিটের (পিসিইউ) রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের আওতায় উক্ত চালানোর বিল অব লেডিং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ব্লক করে রাখা হয়।
×
