টাঙ্গাইলের মির্জাপুরে বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আমেনা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ধলেশ্বরী শাখা নদীর নাগরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আমেনা উপজেলার উয়ার্শী ইউনিয়নের নববগ্রাম গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে ও মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মমিনুল ইসলাম জানান, আমেনা শুক্রবার বিকেলে বাড়ির সামনে বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। স্রোতের তোড়ে তারা মাঝ নদীতে চলে যায়। বান্ধবীরা তীরে আসলেও আমেনা নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ দিকে মৃত্যুর খবর পেয়ে আমেনার বাড়িতে যান টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
