কবি নজরুল বিশ্ববিদ্যালয়

টিভি ভাঙায় সামনে এলো কেনাকাটার নয়ছয়

আপডেট : ৩০ মে ২০২২, ০২:০৯ এএম

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল চলছিল। মাঠে লড়ছিল স্পেনের রিয়াল মাদ্রিদ আর যুক্তরাজ্যের লিভারপুর। ক্লাব ফুটবলে ইউরোপ সেরার মুকুট কার মাথায় উঠছে তা নিয়ে খেলার আগে থেকেই আগ্রহ আর উত্তেজনা ছিল বিশ^জুড়েই। সেই উত্তেজনার বসেই হলের টেলিভিশন ভেঙে ফেললেন শিক্ষার্থীরা! গত শনিবার গভীর রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ঘটে এ ঘটনা। খেলার হাফ টাইমের কিছু আগে রিয়াল মাদ্রিদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ক্ষুব্ধ এক শিক্ষার্থী মোবাইল ফোন দিয়ে আঘাত করেন টিভির পর্দায়। তবে কে আঘাত করেছেন তা বলছেন না সেখানে উপস্থিত কেউ, জানতে পারেনি হল বা বিশ^বিদ্যালয় প্রশাসনও। তবে বিষয়টি অনুসন্ধানে নেমে দেশ রূপান্তর জানতে পাওে, এই টিভি কেনাকাটায়ও হয়েছিল পুকুরচুরি। বাজারদরের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছিল স্যামসাং অট-৬৫অট৭৭০০ মডেলের ৬৫ ইঞ্চির স্মার্ট টিভিটি। এই দুর্নীতি হয়েছে বঙ্গমাতা হলের টিভি কেনার ক্ষেত্রেও!

গত ৮ এপ্রিল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলের বিনোদনকক্ষের জন্য ১ লাখ ৭২ হাজার ৭৪৭ টাকা দরে মোট ৩ লাখ ৪৫ হাজার ৪৯৪ টাকা স্মার্ট টিভি কেনে দুই হল প্রশাসন। তবে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, টিভিপ্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান যে টাকা নিয়েছে তা বাজারদর থেকে ৬৫ হাজার টাকা বেশি। অথচ স্যামসাং অথরাইজড কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং শোরুম থেকে পাওয়া তথ্যমতে, চলতি বছর এই টিভির মূল্য গড়ে ১ লাখ থেকে ১ লাখ ১৬ হাজারের মধ্যে ওঠানামা করেছে।

এদিকে বাজারদরের চেয়ে অনেক বেশি দিয়ে টিভি কেনায় পুরো ক্রয় প্রক্রিয়াকে অস্বচ্ছ হিসেবে উল্লেখ করেছেন কয়েকজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, মঙ্গল নামের এক ঠিকাদার এই টিভি কেনার কাজ পেয়েছেন। তিনি তার মতো লাভ করতেই চাইবেন। কিন্তু যাচাই না করেই অর্থনৈতিক সুবিধা নিয়ে যারা বিলে সই করেছেন, তারাই মূল দোষী।

অতিরিক্ত মূল্যে টিভি কেনার বিষয়ে ঠিকাদার মঙ্গল বলেন, আগে থেকেই টিভি ঠিক করা ছিল, ‘আমি কেবল টাকা জমা দিয়েছি। এখান থেকে আমার এক টাকাও লাভ হয়নি। কেউ কোম্পানি থেকে নিয়েছে কি না, সেটি আমি জানি না। আমার বিল ঠিকমতো পেয়ে যাব বলেছিল, তাই আমি কোম্পানিকে টাকা দিয়ে দিয়েছি। কথা অনুযায়ী বিলও হয়েছে।’

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, ‘আমি গিয়ে কেবল টিভি সিলেক্ট করে দিয়ে এসেছি। টাকার লেনদেন আমার কাজ নয়। বাজারদর আপডাউন করে। সে হিসাবে দাম কম-বেশি হতে পারে।’

এদিকে খেলা দেখাকে কেন্দ্র করে টিভি নষ্ট করায় শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

খেলা দেখার সময় টিভি নষ্ট করার বিষয়ে রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর বলেন, টিভি নষ্ট করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। যেখানে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে আহ্বায়ক, প্রক্টরকে সদস্য সচিব এবং একজন হাউজ টিউটরকে সদস্য করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।  

প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য অনুযায়ী গতকাল রাতে যারা খেলা দেখেছে, তাদের মধ্যে প্রথম সারিতে থাকাদের মধ্য থেকেই ভেঙেছে। আমরা শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত