অনুসন্ধানী সাংবাদিকতায় ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করা হবে আজ সোমবার। সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে অনুষ্ঠান। এতে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতি জেলা থেকে একজন করে ৬৪ জন গুণী সাংবাদিককে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধন করবেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরি বোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলী।
আয়োজক কমিটি জানায়, বিভিন্ন দিক থেকে এটি হতে যাচ্ছে দেশের সাংবাদিকতায় সবচেয়ে বড় পুরস্কার। দেশবরেণ্য আটজন গুণী ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড দেশের সেরা অনুসন্ধানী সাংবাদিক নির্বাচিত করেছে। প্রথমবারের মতো এ আয়োজনে পুরস্কার পাচ্ছেন ১১ জন সাংবাদিক। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি প্রতিবেদন করে নয়জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে দুজনকে। প্রত্যেক বিজয়ী পাচ্ছেন আড়াই লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র। অন্যদিকে তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সারা দেশের ৬৪ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। তারা প্রত্যেকে পাচ্ছেন নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উত্তরীয়।
অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে জুরি বোর্ডে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, সম্প্রচারে আসার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল ‘টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন, চলচ্চিত্র শিক্ষক গবেষক ও পরামর্শক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, দেশ-বিদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করে ব্যাপক পরিচিতি পাওয়া জুলফিকার আলি মাণিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
জুরি বোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, সম্প্রতি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিযোগিতা আহ্বান করে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব নির্বাচনের কাজটি ছিল খুবই দুরূহ। অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব নির্বাচনে আয়োজক কিংবা কোনো দিক থেকে ন্যূনতম প্রভাব ছিল না। শতভাগ নিরপেক্ষতা এবং যৌক্তিক বিশ্লেষণের মধ্য দিয়ে সেরা প্রতিবেদনটি নির্বাচন করেছি।
