ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৪৮ এএম

ছাত্রদলের নেতাকর্মীদের মারধর, হত্যাচেষ্টাসহ চুরির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক আল আমিন রহমানসহ ৩২ জনের নামে মামলা করা হয়েছে। 

গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী  ও ছাত্রদল নেত্রী মানসুরা আলম এ মামলাটি করেন।

আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে আগামী ২৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আবুল কালাম খান।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মে দোয়েল চত্বরে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের উপরোক্ত নেতাকর্মীরা লাঠিসোটাসহ হামলা করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের মারধর, জখমসহ হত্যাচেষ্টা করা হয়। বাদী নিজেও জখমপ্রাপ্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত