পুকুরে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২২, ০৫:৩০ পিএম

যশোরের বাঘারপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের উত্তর পাড়ায়। মৃত তিন শিশু হচ্ছে কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), হারুনুর রশিদের মেয়ে তমা (৮) ও আবু সাইদের মেয়ে হুসাইন(৬)। তাদের বাবা আবু সাইদ ও কামরুল সম্পর্কে চাচাতো ভাই। অপরজন হারুন সাইদ ও কামরুলের ভগ্নিপতি। 

নিহতদের পরিবারের বরাতে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, সুমাইয়া, তমা ও হুসাইন সোমবার সকাল থেকে আবু সাইদের ঘরে টিভি দেখছিলো। দুপুর একটার দিকে তারা পরিবারের কাউকে না জানিয়ে পুকুরের গোসল করতে নামে। আবু সাইদ তিন শিশুকে ঘরে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুজি করতে থাকেন। এক সময় তাদের সন্দেহ হয় হয়তো তারা পুকুরে নেমেছে। পুকুর পাড়ে গিয়ে তাদের না পেয়ে পুকুরের জাল টানা হয়। জালে একে একে তিনজনের নিথর দেহ উঠে আসে। এরপর তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমীন তাদের মৃত ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত