রাজধানীতে গাঁজার কেক-চকলেটের হোম ডেলিভারি, তরুণীসহ আটক তিন

আপডেট : ৩০ মে ২০২২, ০৫:৩৬ পিএম

রাজধানীতে গাঁজা দিয়ে চকলেট, কেক, মিল্কসেক তৈরি ও গাঁজার তৈরি খাবারের হোম ডেলিভারির একটি চক্র আটক করেছে রাজধানীর গুলশান থানা-পুলিশ।

আটককৃতরা হলেন- রাজধানীর দক্ষিণখান মিয়া পাড়ার জুবায়ের হোসেন (২৪), উত্তরার ১২ নম্বর সেক্টরের অনুভব খান রিবু (২৩) ও উত্তরার সি ব্লকের দুই নম্বরে রোডের বাসিন্দা নাফিজা নাজা (২২)।

সোমবার গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, রবিবার বিকেলে গুলশানে গাঁজার তৈরি খাবার ডেলিভারি দিতে আসা জুবায়ের নামে এক যুবককে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা থেকে এক তরুণী, এক যুবককে আটক ও গাঁজা দিয়ে তৈরি বিভিন্ন খাবারসহ উপকরণ জব্দ করে পুলিশ।

তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকলেট, কেক, মিল্কসেক), খাবার তৈরির বিভিন্ন উপকরণ, একটি আইফোন প্রো ম্যাক্স-১১সহ দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানায়, ইনস্টাগ্রামের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক দিয়ে তৈরি এই খাবার সরবরাহ করা হয়।

পরে তার দেওয়া তথ্যে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট নম্বর বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ গাঁজার নির্যাস দিয়ে বানানো বিভিন্ন খাবার উপকরণ জব্দ ও আরও দুইজনকে আটক করা হয়।

আটকরা জানান, তারা কানাডিয়ান ও আফ্রিকান মাদক ব্যবসায়ীদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকলেট, মিল্কসেক তৈরি করে আসছিল।

তারা আরও জানান, এক কেজির গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয়। 

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত