ইভিএমের চ্যালেঞ্জ শুধু গোপন কক্ষে ‘ডাকাত’

আপডেট : ৩১ মে ২০২২, ০২:৩০ এএম

ইভিএমের মাধ্যমে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই দাবি করলেও একটি ক্ষেত্রে শঙ্কার কথা বলেছেন নির্বাচন কমিশনার  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, ইভিএমের মধ্যে চ্যালেঞ্জ একটাই। আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। সেটা হচ্ছে একটা ডাকাত, সন্ত্রাসী, ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা। আপনার ভোট হয়ে গেছে, চলে যান। দিজ ইজ দ্য চ্যালেঞ্জ। তবে আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ও ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন, সাংবাদিকদের উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো ধরনের অনিয়ম ঘটবে না বলে আশ্বস্ত করেন তিনি।

গতকাল সোমবার রাজধানীতে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এর আগে সকালে নির্বাচন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানো হয়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা রাখা হবে, সাংবাদিকদের অনুমতি দেওয়া হবে, কেন্দ্রে যাবেন, ভেতরে ঢুকবেন, ছবি দেবেন কারা দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোট বন্ধ হয়ে যাবে। প্রিসাইডিং অফিসার বা যার সামনে হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

ইভিএমে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, যার যার ভোট তার তার পছন্দে দেওয়ার মতো পরিবেশ তৈরি করবে ইসি। মানুষের মধ্যে একটি অনাস্থা থাকতে পারে। খুব সোজা সন্দেহ করা। কারচুপি করা এত সোজা না। আস্থা ফিরিয়ে আনতে এখন আমাদের কষ্ট হচ্ছে। আস্থা অর্জনের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না, আস্থা অর্জন করব।

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, দুর্বলতা নেই, চাপ নেই। কোনো কিছু নেই। আমরা স্বাধীন, স্বাধীনভাবে কাজ করব। কথা কম বলতে চাই, কাজে বোঝাতে চাই।

কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী বা তাদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন দেখতে ৩৪ জনের আসার কথা থাকলেও এসেছিলেন ২১ জন। প্রার্থীর প্রতিনিধিদের ইভিএম মেশিনে ভোট দেওয়া এবং ফলাফল প্রিন্ট দেওয়াসহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে দেখানো হয়। এসময় ইভিএম প্রকল্প পরিচালক, আইডিইএ প্রকল্প ও এনআইডি উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত