মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন ৭টি কার্ড সেবার উদ্বোধন করেন চেয়ারম্যান মোরশেদ আলম।
সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারী পরবর্তী আর্থিক দুর্যোগের মধ্যেও মার্কেন্টাইল ব্যাংক তার মজবুত অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। নতুন শিল্প গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।’
মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৭টি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিশেষত্ব হলো ইএমভি প্রযুক্তিসম্পন্ন এইসব কার্ড দিয়ে সংস্পর্শ ছাড়া লেনদেন করা যাবে। ইসলামী ব্যাংকিং গ্রাহকদের জন্য আছে শরিয়াহভিত্তিক ৩টি ডেবিট ও ক্রেডিট কার্ড। আর কনভেনশনাল ব্যাংকিং গ্রাহকদের জন্য আছে সিগনেচার, প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে ৪টি ক্রেডিট ও প্রিপেইড কার্ড।
ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী গত বছরের সাফল্য ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, চলতি বছর খেলাপি ঋণ আদায়ে জোর পদক্ষেপ নেওয়া হবে।
