পুলিশ কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রায় পাঁচ বছর ধরে ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ওই চক্রের চারজনকে গ্রেপ্তারের পর র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব জানায়, চক্রটি ৫০ জন চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছে।
গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো চক্রের মূল হোতা মো. হেলাল উদ্দিন, মো. মফিজুল ইসলাম ওরফে লেবু, মো. খন্দকার মারুফ ও মো. আব্দুল কাদের ওরফে রাজু। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সংস্থার ২৪টি গুরুত্বপূর্ণ সিল, ১১ পাতা ভুয়া নিয়োগপত্র, তিন পাতা নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্র, আটটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ২১ হাজার টাকা জব্দ করা হয়।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার হেলাল উদ্দিন নিজেকে কখনো মোহাম্মদপুর থানার ওসি, কখনো উপপরিদর্শক (এসআই) বলে পরিচয় দিতেন। ভুক্তভোগীদের কথার জালে ফাঁসিয়ে চাকরির প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। জালিয়াত চক্রের প্রধান হিসেবে তিনি প্রায় ২ কোটি টাকা হাতিয়েছেন, যা পরে চক্রের অন্য সদস্যদের মাঝে ভাগ করে দিয়েছেন। চাকরিপ্রার্থীদের আর্থিক অবস্থাভেদে তিনি প্রার্থীপ্রতি ৫-৯ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন।
