মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে বরগুনার পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আছেন ট্রলারের দুই শ্রমিক।
গত শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে নির্ধারিত হাটের পণ্য নিয়ে আসছিল।
নিখোঁজ শ্রমিকরা হলেন কমল সমাদ্দার (৪০), ও আবদুল খালেক (৫০)।
ট্রলারের অন্য শ্রমিকরা জানান, শনিবার বরগুনা ঘাট থেকে এফবি মায়ের দোয়া নামের একটি পণ্যবাহী ট্রলার তালতলীতে পণ্য নিয়ে রওনা দেয়। ট্রলারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। ট্রলারটি চাড়াভাঙায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় পানি উঠে ট্রলারটি তলিয়ে যায়।
