অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এমন রাত— কার্ডিফ হয়ে উঠেছিল লালে লাল। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলবে ওয়েলস, এরচেয়ে আনন্দ আর কী হতে পারে গ্যারেথ বেলদের জন্য!
বাছাইপর্বের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ওয়েলস। এ যে রূপকথাকে হার মানায়! ১৯৫৮ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল দেশটি।
ঘরের মাঠ কার্ডিফ সিটিতে যখন রেফারির শেষ বাজি বাজল, আবেগ ও আনন্দে আত্মহারা ওয়েলস খেলোয়াড়রা ঘিরে ধরল বেলকে। অনেক নাটকের পর যে এই জয়! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন অনেক চেষ্টা করেও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারেনি।
চার দিন আগে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছিল জিনশেঙ্কোরা। সেই স্বপ্নপূরণে কার্ডিফ সফর, কিন্তু ওয়েলসের বিপক্ষে নিজেদের ভুলে পিছিয়ে পড়া ইউক্রেনিয়ানরা আর সমতায় ফিরতে পারেনি।
৩৪তম মিনিটে বেলের বুলেট গতির ফ্রি-কিক হেডে রুখে দিতে চেয়েছিলেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। কিন্তু ইউক্রেন অধিনায়কের মাথা ছুঁয়ে বল চলে যায় জালে। সেই গোল আর শোধ দিতে পারেনি ওলাকসান্দর পেত্রাকোভের দল। সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ উঠতে ব্যর্থ হলো ইউক্রেন।
অবশেষে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে বেলের। কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে ওয়েলস। তাদের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।
