পাঁচ গোল করে পুসকাসকে টপকে গেলেন মেসি

আপডেট : ০৬ জুন ২০২২, ১১:৪৭ এএম

এ যেন সেই পুরোনো মেসি। বল নিয়ে তছনছ করে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণভাগ। গত দুই ম্যাচে তার এমন আগ্রাসনের সামনে দাঁড়াতে পারেনি কেউ। ‘ভিনটেজ মেসি’র দেখা মিলল ফের।

গত বুধবার আন্তঃমহাদেশীয় লড়াইয়ে ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমায়’ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ে গোল পাননি মেসি। তবে দুই অ্যাসিস্টে লা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক ছিলেন পিএসজি ফরোয়ার্ড।

এবার তো স্পেনের পাম্পলোনায় এস্তোনিয়াকে নিয়ে ছেলেখেলায় মাতলেন ৩৪ বছর বয়সী তারকা। প্রীতি ম্যাচে ইউরোপের ছোট দেশটিকে ৫-০ গোল হারিয়েছে আর্জেন্টিনায়। আর সব গোলই করলেন মেসি। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল। তার পরের চার গোল— ৪৫, ৪৭, ৭১ ও ৭৬তম মিনিটে।

আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম ৫ গোল পেলেন মেসি। আর ক্যারিয়ারে দ্বিতীয়। ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব বেয়ার লেভারকুজেনের বিপক্ষে বার্সেলোনার ৭-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৫ গোল করেছিলেন তিনি।  

এস্তোনিয়াকে উড়িয়ে দেওয়ার পথে আরেকটি মাইলফলকেও পা রেখেছেন মেসি। তৃতীয় গোলটি করে তিনি পাশে বসেন আন্তর্জাতি ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে থাকা ফেরেঙ্ক পুসকাসের। দেশের হয়ে ৮৪ গোল করেছিলেন এই কিংবদন্তি হাঙ্গেরিয়ান। যার নামে চালু আছে ‘পুসকাস’ পুরস্কার। মৌসুমের সবচেয়ে নজরকাড়া গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়।

এস্তোনিয়ার বিপক্ষে পরের দুটি গোলে পুসকাসকে টপকে যান মেসি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৮৬ গোল নিয়ে চারে উঠে এলেন তিনি। এই অভিজাত তালিকায় ১১৭ গোল নিয়ে শীর্ষে আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ১০৯ গোল নিয়ে দুইয়ে ইরানের আলি দায়ি। তিনে থাকা মালেয়শিয়ার মোকতার দাহারির গোল ৮৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত