শচীনের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দিতে পারেন রুট

আপডেট : ০৬ জুন ২০২২, ০৩:৪৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন জো রুট। অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। চাপমুক্ত ব্যাটিংয়ে ইনিংসটা স্মরণীয় করে রাখলেন ডানহাতি ব্যাটার।

টেস্টে ১৪তম ব্যাটার হিসেবে ১০ হাজারি ক্লাবে যোগ দিলেন রুট। স্যার অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি। ৪৯.৫৭ গড়ে ৩১ বছর বয়সী তারকার রান ১০০১৫। ৫৩.৭৮ গড়ে ১৫৯২১ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার।

রুট যেভাবে এগোচ্ছেন, তাতে ভারতীয় কিংবদন্তি ব্যাটারের রেকর্ডটাও হয়তো ভেঙে দিতে পারেন। এমনটায় বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর। শচীনের রেকর্ড ভাঙতে প্রায় আরও ৬ হাজারের মতো রান করতে হবে রুটকে।

রবিবার কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জেতানো ইংলিশ ব্যাটারের প্রশংসা ছিল সবার মুখে মুখে। স্কাই স্পোর্টসে কথা বলার সময় তাদের সঙ্গে যোগ দেন টেলরও, ‘রুট কমপক্ষে আরও পাঁচ বছর খেলবে। তাই আমি মনে করি, টেন্ডুলকারেরও রেকর্ডটিও অর্জনযোগ্য।’

গত বছর ইংল্যান্ডের ব্যর্থতায় টেস্ট নেতৃত্ব হারান রুট। তবে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন ডানহাতি ব্যাটার। সেই কথায় স্মরণ করিয়ে দিলেন টেলর, ‘রুট যেমন ব্যাটিং করছে তেমনি আমি তাকে গত ১৮ মাস থেকে দুই বছর ধরে দেখছি। সে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছে। সুস্থ থাকলে ১৫ হাজারের বেশি রান সে পাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত