পদ্মা সেতু ঘিরে প্রাণিসম্পদে সোনালি দিনের স্বপ্ন

আপডেট : ০৬ জুন ২০২২, ১১:১০ পিএম

শরীয়তপুরের গরু মোটাতাজাকরণ ও দুধ উৎপাদনকারী খামারিদের সংকটের কালো মেঘের আড়াল থেকে আশার আলো ছড়াচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। সহজ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হতে যাওয়ায় এ খাতের দীর্ঘদিনের পরিবহন সংকট দূর করে ৬০০ কোটি টাকারও বেশি আয়ের আশা জাগিয়েছে খামারিদের মাঝে। পদ্মা সেতুকে ঘিরে ব্যাপক সম্ভাবনার আশাবাদ জেলা প্রাণিসম্পদ বিভাগের।

জেলার গরু মোটাতাজাকরণ ও দুধ উৎপাদনকারী খামারিরা বছরে উৎপাদন করছেন শূন্য দশমিক ৪৯ লাখ মেট্রিক টন গো-মাংস ও ১ দশমিক ০৫ লাখ মেট্রিক টন দুধ। যোগাযোগ সংকটের কারণে থমকে গিয়েছিল সম্ভাবনাময় এ খাত। আগে কোরবানির পশু ও দুগ্ধজাত পণ্য ঢাকায় পৌঁছতে যেখানে সময় লাগত ১৪-১৫ ঘণ্টা, সেখানে এখন সময় লাগবে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা। ফলে সময় ও খরচ সাশ্রয়ের মাধ্যমে খামারিরা লাভবান হবেন অনেক বেশি। পদ্মা সেতু হওয়ায় খামারিরা এখন নতুন উদ্যমে চলার শক্তি পেয়েছেন। যা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে শরীয়তপুরের প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে স্থানভেদে রাজধানী ঢাকার দূরত্ব ৭০ থেকে ৯০ কিলোমিটার। এর মধ্যে পদ্মা নদী

থাকায় জেলার গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদনকারী খামারি-ব্যবসায়ীদের ফেরি ও ট্রলারে নিয়ে ঢাকায় যেতে অনেক সময় লাগে ও দুর্ভোগ পড়তে হয়, শিকার হতে হয় দুর্ঘটনারও।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের গরু খামারি আলী আহম্মেদ কাজী বলেন, ‘গাড়িতে করে গরু ঢাকায় পাঠালেও ফেরিঘাটে বিড়ম্বনায় পড়তে হয়। পাশাপাশি ট্রলারে করে গরু নিলে ডাকাতি হয় এবং সময়ও বেশি লাগে। কিছু কিছু সময় গরু মারাও যায়। পদ্মা সেতু চালু হলে আমাদের এ অঞ্চলের খামারিরা ঢাকার বাজারে সহজে গরু বিক্রি করতে পারলে পরিবহন ব্যয় কমে বেশি লাভবান হবে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বলেন, ‘পদ্মা সেতু চালু হলে গবাদিপশু ও দুগ্ধজাত পণ্য ঢাকাসহ দেশের সব অঞ্চলে সহজে ও কম সময়ে বাজারজাত করতে পারবেন। এতে খামারিরা আগের তুলনায় বেশি লাভবান হবেন বলে আশা করছি।’

শরীয়তপুর জেলায় গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদনকারী খামার রয়েছে ১৬ হাজার ২৪৮টি। এর মধ্যে দুগ্ধ উৎপাদনকারী ৮ হাজার ৯৪ এবং মোটাতাজাকরণ গরুর খামার রয়েছে ৮ হাজার ১৫৪টি। মোটাতাজাকরণ গরুর মধ্যে ১০ ভাগ বাছুর। বর্তমানে জেলায় ১৬ হাজার ৫০০ খামারি প্রায় তিন লাখ গরু পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত