গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২২, ০৪:০৭ পিএম

রাজধানীর দক্ষিণখানে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ওলিউল্লাহ রবিন ওরফে অলি (৩১) নামে যুবলীগ এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় তাকে আজিমপুর কাচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওলিউল্লাহ রবিন উত্তরখানের কাঁচকুড়া পুরাইদা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ৪৮ নম্বর ওয়ার্ডের কর্মী এবং সূর্যমুখী দক্ষিণখান যুব সংঘের সাধারণ সম্পাদক। স্থানীয় নেতা-কর্মীদের প্রভাব খাঁটিয়ে দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকায় সূর্যমুখী যুব সংঘের সাইনবোর্ড ব্যবহার করে ময়লার নিয়ন্ত্রণ করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ভুক্তভোগী নারীর করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ওলিউল্লাহ তার স্বামীর বন্ধু। সেই সুবাদে পূর্বপরিচিত হওয়ায় তাদের বাসায় যাতায়াত ছিল। স্বামীর অবর্তমানে নানান সময়ে কুপ্রস্তাব দিতেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগী নারীর স্বামী ও সন্তান তার বড় বোনের বাসায় যায়। পরে রাত ১১টার দিকে তার স্বামীর খোঁজে আসেন ওলিউল্লাহ। কিন্তু বাসায় না থাকায় পরে আসতে বললে ‘দেখা না করে যাবেন না’ বলে বাসায় ঢোকেন। এক পর্যায়ে শয়নকক্ষে ওই নারীকে ধর্ষণ করেন অলি। এ সময় ডাক-চিৎকার করলে চড়-থাপ্পড় মেরে গলা চেপে ধরেন।

রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগীর স্বামী বাসায় ফিরে রুমের সামনে ডাকাডাকি শুরু করেন। এ সময় ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন সুযোগ বুঝে অলি পালিয়ে যান। 

এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা দেশ রূপান্তরকে জানান, ওই গৃহবধূর স্বামী বাসার বাইরে ছিলেন। সেই সুযোগে গৃহবধূকে একা পেয়ে তার স্বামীর বন্ধু ধর্ষণ করেছেন।

তিনি আরও জানান, দক্ষিণখান পূর্ব গাওয়াইর এলাকার আল আকসা রোডের ওই গৃহবধূর ভাড়া বাড়িতে গত সোমবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় অলিকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত