কলমাকান্দায় ষাটোর্ধ্ব মাকে মোটরসাইকেল চাপা দেওয়ার প্রতিবাদ করায় বাকপ্রতিবন্ধকতার শিকার ছেলেকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
জানা যায়, গত ৫ জুন বিকেলে বাড়ির সামনে রাস্তায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন হাসনা আক্তার (৬০)। এ সময় জিহাদ নামে প্রতিবেশী মোটরসাইকেল তুলে দেয় ওই নারীর ওপর। এতে হাসনা আক্তার ছিটকে পড়েন রাস্তার পাশে। এ দৃশ্য দেখে ওই নারীর বাকপ্রতিবন্ধী ছেলে কাজল (৩০) মেজাজ হারিয়ে মোটরসাইকেলে লাঠি ও দা দিয়ে আঘাত করেন। এর জের ধরে ঘটনার তিন দিন পর পথরোধ করে মোটরসাইকেলচালক জিহাদ ও তার চাচাতো ভাই মিলে কাজলকে মারধর করে।
এমন ঘটনা ঘটেছে উপজেলার পোগলা ইউনিয়নে পলাশহাটি গ্রামে। এ ঘটনায় হাসনা আক্তার কোমর ও বুকের পাঁজরে আঘাত পেয়ে চার দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। চিকিৎসাধীন হাসনা আক্তার বলেন, ‘কয়েকবার তারা আমার ছেলেকে মেরেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।’
পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাজাদুজ্জামান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কাজলসহ তার ছোট ভাই লোকমান এসে জানিয়েছে, ওইদিন (মঙ্গলবার) বিকেলে পোগলা নতুন বাজারে লেবু বিক্রি করে বাড়ি ফেরার পথে জিহাদ ও তার চাচাতো ভাই রনি কাজলকে পিটিয়েছে। ঘটনাটি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ব্যাপারে জিহাদের বাবা বাচ্চু মিয়া ও চাচা আতাউর রহমান দাবি করেন, মোটরসাইকেল দুর্ঘটনার পর কাজল দা দিয়ে মোটরসাইকেলের ট্যাংকসহ বিভিন্ন স্থানে আঘাত করে। পোগলা ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, এখানো কোনো অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
