লক্ষ্মীপুরে স্বামী ও সন্তানসম্ভবা স্ত্রীকে মারধর এবং টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার নুড়ি গাছতলা এলাকায় ঘটনাটি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন ওই স্বামীর অভিযোগ, সন্ত্রাসী দলের নেতৃত্ব দেওয়া ইমন হোসেন স্থানীয় ছাত্রলীগের কর্মী।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন জানান, তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাইশমারা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার অফিস সহকারী। গত মঙ্গলবার বিকেলে কর্মস্থল থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শহরের বাইশমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ছাত্রলীগকর্মী ইমন ‘সাইড না দেওয়ার’ অভিযোগ করে প্রথমে গতিরোধ করে। পরে একপর্যায়ে ইমন তাকে কিল-ঘুসি মেরে রাস্তায় ফেলে দেয়। সন্ত্রাসীরা তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করে এবং ব্যাগ থেকে ৬৮ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও গলার চেইন নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়।
ইমন লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও ১২নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী। তবে ইমন হোসেন জানান, তিনি হামলায় জড়িত না। ‘সব সাজানো নাটক’ বলে দাবি করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
