টিভি সিরিজ দিয়ে অভিনয়ে অভিষেক মেসির

আপডেট : ০৯ জুন ২০২২, ১২:৫৯ পিএম

ফুটবলারদের তো হরহামেশায় টিভি পর্দায় দেখা যায়। শখের বশে অনেকে একটু-আধটু অভিনয়ও করেছেন। অবশ্য অধিকাংশ বিজ্ঞাপনে।

ব্রান্ডিংয়ে সাধারণত সংক্ষিপ্ত সময়ের জন্য পর্দায় দেখা যায় ফুটবলারদের। অভিনেতার কায়দায় দু-একটা ডায়ালগও তাদের কখনো কখনো বলতে হয়। প্রিয় ফুটবলারকে হঠাৎ অভিনয়ে দেখে দর্শক খুশিও হন।

যদি হাই-প্রোফাইল কোনো ফুটবলারকে জাত অভিনেতার মতো টিভি পর্দায় দেখেন তবে কেমন লাগবে? আর তিনি যদি হোন লিওনেল মেসি! তাও আবার লাতিন আমেরিকার অন্যতম এক টিভি সিরিজে? অবাক হবেন না এমন ফুটবল দর্শক খুব কমই আছে।

মেসি ভক্তদের জন্য চমকে দেওয়া খবর হলো, ইতোমধ্যে অভিনয়ে অভিষেক হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। ‘লস প্রোটেক্টটরস’ (বাংলায় যার অর্থ ‘রক্ষক’) নামের জন্মভূমির অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। এই সিরিজের দ্বিতীয় সিজনে ক্যামিও উপস্থিতি রয়েছে মেসির।

বেশ কয়েকদিন আগে সিরিজে অভিনয় সম্পন্ন করেছেন পিএসজি তারকা। হঠাৎ মেসির অভিনয়ে নাম লেখানোর বিষয়টি সামনে আসে সিরিজটির পরিচালক নিজে শুটিং সেট থেকে যখন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

বিভিন্ন স্থানে লস প্রোটেক্টটরসের দ্বিতীয় সিজনের শট নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বুয়েনোস এইরেস। তবে মেসির শট নেওয়া হয়েছে প্যারিসে। পিএসজিতে যোগ দিয়ে গত মৌসুম থেকে ফ্রান্সে আছেন তিনি। অবশ্য এই সিরিজে এখনই মেসিকে দেখা যাবে না। অপেক্ষা করতে হবে আরও এক বছর। ২০২৩ সালে আর্জেন্টিনার টিভি সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পাবে।

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে আগে বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত কোম্পানির বিজ্ঞাপনে দেখা গেছে। অবশ্য তাদের অধিকাংশ খাদ্য ও পানীয় পণ্যের। পেপসি, লে’স পটোটো এবং তার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের বিজ্ঞাপন করেছেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত